বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকাল ৫টায় উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা আবু তাহেরের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র মাহে রমজান তাকওয়া অর্জনের মাস। এই মাস আমাদের আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার শিক্ষা দেয়। তিনি বলেন, একটি ন্যায়ভিত্তিক, ইনসাফপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনে ইসলামের আদর্শই একমাত্র পথনির্দেশনা।
তিনি আরও বলেন, সন্দ্বীপের উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সন্দ্বীপকে একটি আদর্শ ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব—ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমীর মুহাম্মদ আলা উদ্দীন সিকদার। তিনি বলেন, রমজান হলো কুরআনের মাস এবং আত্মশুদ্ধির সর্বোত্তম সময়। এই মাসে আল্লাহর নৈকট্য অর্জনের পাশাপাশি সমাজে ন্যায়, সত্য ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।
তিনি আরও বলেন, ইসলাম মানুষকে শুধু ইবাদতের শিক্ষা দেয় না, বরং একটি ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার দিকনির্দেশনাও দেয়। তাই ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে ইসলামের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে একটি আদর্শ সমাজ গড়ে তুলতে হবে। দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে নৈতিক নেতৃত্ব ও সৎ মানুষ গড়ে তোলা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সন্দ্বীপ উপজেলা আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, উপজেলা সেক্রেটারি আলমগীর হোসেন ঠাকুর, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা এ. এম. এম. রফিকুল মাওলা এবং কাটগড় ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার সাবেক সিনিয়র প্রভাষক মাওলানা কামাল উদ্দিন প্রমুখ।


